Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় আগুনে পুড়ল ৪ বাড়ি

পেকুয়ায় বৈদ্যুতিক মিটার ব্লাস্ট হয়ে সৃষ্ট আগুন থেকে চারটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের নন্দীর পাড়ায় এ ঘটনা ঘটে। ৪ পরিবারের প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের একটি মিটার হঠাৎ বিস্ফোরিত হয়ে শর্টসার্কিটের মাধ্যমে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুন পাশের বাড়িগুলোতেও ছড়িয়ে পড়লে ৪টি বাড়ি পুড়ে যায়।

পুড়ে যাওয়া বাড়ির মালিকরা হলেন- আকতার আহমদের ছেলে ফোরকান আহমদ, তার ভাই মো. ছোটন এবং মৃত জয়নাল আবদীনের ছেলে মো. রাকিব এবং মোহাম্মদ জাহাঙ্গীর।

পারিবারিক সূত্রে জানা যায়, ফোরকান ও ছোটন বর্তমানে সৌদি আরবে অবস্থান করলেও ভিসাবিহীন ও কর্মহীন অবস্থায় থাকায় তারা আগে থেকেই চরম আর্থিক সংকটে ছিলেন। অন্যদিকে পিতাহীন রাকিব একাই মায়ের সংসারের দায়িত্ব বহন করছিলেন। আকস্মিক এ অগ্নিকাণ্ডে ৪ পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে ঘটনার পর সন্ধ্যার দিকে বিএনপি নেতা ইউছুফ রুবেল ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাহাবুব করিমও নগদ অর্থ সহায়তা দেন।

এছাড়াও পেকুয়া ঋণদান সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক এবং বর্তমান সহসভাপতি সাজ্জাদুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি জানাতে ঘটনাস্থলে ছুটে যান।

স্থানীয়রা জানান, আগুন লাগার পর এলাকাবাসী দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে চারটি বাড়িই সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা কামনা করেছেন।

0Shares