
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় ঢাকাগামী একটি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে একজন রেল কর্মচারী আহত হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গতকাল সোমবার রাত ৮ টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
আহত রেল কর্মচারীর নাম ছাবের আহমদ (৫২)। তিনি রেলের বেডিং পোর্টার (ট্রেনের এসি এবং অন্যান্য কোচে যাত্রীদের জন্য বেডিং-চাদর, বালিশ, কম্বল সরবরাহ করা ব্যক্তি) পদে কর্মরত। তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
রেলের কর্মকর্তা-কর্মচারীরা বলেন, গতকাল সোমবার রাত পৌনে আটটায় কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে পর্যটন এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। রাত সোয়া আটটার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলস্টেশন পার হয়ে ডুলাহাজারা রেলস্টেশনে ঢোকার আগমুহূর্তে কোনো এক দুর্বৃত্ত ট্রেনে পাথর ছুঁড়ে মারে। এতে ট্রেনে থাকা বেডিং পোর্টার ছাবের আহমদের মাথা ফেটে যায়। পরে তাকে ট্রেন থামিয়ে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সযোগে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রেলওয়ের ডুলাহাজারা স্টেশন মাস্টার মোহাম্মদ মোস্তফা প্রথম আলোকে বলেন, ঈদগাঁও ও চকরিয়া উপজেলার মধ্যবর্তী স্থানে পাথর নিক্ষেপের ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। আহত বেডিং পোর্টার ছাবের আহমদকে মাথায় ১০টি সেলাই দেওয়া হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।





