Search
Close this search box.
Search
Close this search box.

মাতামুহুরী নদীর চোরাবালিতে তলিয়ে গেছে দুই কিশোরী, মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর চোরাবালিতে তলিয়ে যাওয়ার পর দুই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেল চারটার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারার মৌলভীর চর গ্রামে মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই কিশোরীর বাড়ি মৌলভীর চর গ্রামে। তারা হলো ওই গ্রামের জামাল উদ্দিনের মেয়ে মাইমুনা আকতার (১৪) ও আবদুর রহিমের মেয়ে ইফসা মনি (১১)।

স্থানীয় লোকজন বলেন, সোমবার বিকেল চারটার দিকে স্থানীয় চার কিশোরী মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। এ সময় মৌলভীর চরস্থ মাতামুহুরী নদীর ঘাট থেকে একটু পা বাড়াতেই নদীগর্ভে তলিয়ে যায় তারা। এ সময় দুজন সাঁতরিয়ে তীরে চলে যেতে পারলেও দুজন নিখোঁজ থাকে। পরে স্থানীয় লোকজন নদীতে নেমে দুই কিশোরীর মরদেহ উদ্ধার করে।

স্থানীয় আবু ছৈয়দ (৫২) বলেন, মাতামুহুরী নদীর বেড়িবাঁধ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি দুই কিশোরীর কান্নার আওয়াজ পান। কাছে গিয়ে জানতে পারেন দুই কিশোরী নদীতে গোসলে নেমে চোরাবালিতে তলিয়ে গেছে। সঙ্গে সঙ্গে নদীতে নেমে একে একে দুই কিশোরীর মরদেহ উদ্ধার করেন। পরে স্থানীয়রা দুই কিশোরীর মরদেহ স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় লোকজনের অভিযোগ, বছরের পর পর ধরে মাতামুহুরী নদীতে শক্তিশালী ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু তুলছে। এর ফলে নদীতে অসংখ্য গর্ত ও চোরাবালি ( পানি ও বালুর এক বিশেষ মিশ্রণ যা কোনো ভার সহ্য করতে পারে না, ফলে মানুষ বা ভারী বস্তু তাতে তলিয়ে যেতে পারে) সৃষ্টি হয়েছে। গোসলে নেমে এই চোরাবালিতে আটকে গেছে দুই কিশোরী। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘মাতামুহুরী নদীতে তলিয়ে গিয়ে দুই কিশোরীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব বলেন, মাতামুহুরী নদীতে অসংখ্য ড্রেজার ও মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তুলছে দুর্বৃত্তরা। প্রতিদিন মাতামুহুরীর কোনো না কোনো পয়েন্টে অভিযান চালানো হচ্ছে। যে স্থানে দুই কিশোরী মারা গেছে, এর পাশেই আমাইন্যারচর এলাকায় সম্প্রতি অভিযান চালিয়ে দুটি ড্রেজার ধ্বংস করা হয়। অন্তত নয় লাখ টাকার বালু জব্দ করা হয়। তারপরও থামানো যাচ্ছে না দুর্বৃত্তদের।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব আরও বলেন, আজ সোমবার বিকেলেও মাতামুহুরী নদীর চারটি স্থানে অভিযান চালানো হয়। এরমধ্যে দুটি শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে। দুজনকে নোটিশ দেওয়া হচ্ছে। তিনি স্থানীয় মানুষজন এবিষয়ে আরও সচেতন ও সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দেন।

0Shares