
কক্সবাজারের চকরিয়ায় ঈদের কেনাকাটা শেষে বাড়িমুখো মানুষকে টার্গেট করে রাতের আঁধারে আগে থেকে ডাকাতির প্রস্তুতি নেওয়া নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মধ্যে দুজন সম্পর্কে মা ও ছেলে, অন্য দুজন স্বামী-স্ত্রী। পুলিশ জানিয়েছে, ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়েছে তাঁদের। অভিযানে দুটি বন্দুকসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ওই এলাকার আবদুল কাদেরের স্ত্রী ইসমত আরা (৪৫) ও তাঁর ছেলে ইমতিয়াজুল কাদের রায়হান (২৫) এবং মৃত নুর হোসেনের ছেলে নাছির উদ্দিন (৩৫) ও তাঁর স্ত্রী খুর্শিদা বেগম (৩৫)।
অভিযানে তাদের দেখানো জায়গা থেকে ১টি একনলা বন্দুক, ১টি দোনলা বন্দুক, ১০টি গুলি, তালা কাটার ২টি যন্ত্র, ১টি হাতুড়ি, ১টি রামদা, কাঠের বাঁটযুক্ত ১টি চাকু এবং ১টি হাইয়েস গাড়ি ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে চিরিঙ্গা জনতা মার্কেট- বেতুয়াবাজার সড়কের চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আমানপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রচেষ্ঠা ভন্ডুল করে দিয়েছেন চকরিয়া থানা পুলিশের একটি টিম।
বুধবার (১৮ মার্চ) দুপুরে চকরিয়া থানার মিডিয়া শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশের এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মোঃ মনির হোসেন।
ওসি মনির হোসেন বলেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জনগণ তথা চকরিয়াবাসির ঈদ উৎসব নির্বিঘ্ন নিরাপদ করার লক্ষ্যে বেশকিছু দিন ধরে চকরিয়া থানা পুলিশ নজরদারি বাড়ানোর পাশাপাশি অভিযানে নেমেছে।
এরই অংশ হিসেবে থানা পুলিশের একটি আভিযানিক টিম মঙ্গলবার রাতে চকরিয়া থানাধীন চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ডস্থ আমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে একদল দুর্বৃত্তকে চ্যালেঞ্জ করে।
এসময় তাঁরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকে দুই নারীসহ চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ওসি মনির হোসেন বলেন, রাতে গ্রেফতারকৃতদের দেখিয়ে দেওয়া এলাকা থেকে ১টি একনলা এলজি বন্দুক, ১টি দুনলা এলজি বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ২টি গ্রিল/তালা কাটার মেশিন, ১টি লোহার পোড়াবাড়ি, ১টি হাতুড়ি, ১টি রাম দা, ১টি কাঠের বাটযুক্ত চাকু উদ্ধার করে পুলিশ। একইসাথে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস গাড়ি ও ২টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল (পালসার ১৫০ সিসি ও সুজুকি জিক্সার) জব্দ করা হয়েছে।
চকরিয়া থানার অপারেশন অফিসার (সেকেন্ড অফিসার) এসআই (উপপরিদর্শক) ফরিদ উদ্দিন বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি অস্ত্র আইনে এবং ডাকাতির প্রস্তুতির সংশ্লিষ্ট ধারায় পৃর্থক দুটি মামলা রুজু করা হয়েছে।
বুধবার বিকালে তাদেরকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করা হয়েছে।





