Search
Close this search box.
Search
Close this search box.

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর দপ্তরে চকরিয়া কমিটির স্মারকলিপি

জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজারের চকরিয়া উপজেলা শাখা।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এম জাহেদ চৌধুরীর নেতৃত্বে চকরিয়া উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার রুপায়ন দেবের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএমএসএফ চকরিয়া উপজেলা কমিটির সভাপতি দৈনিক কালেরকণ্ঠ, আজাদীর ছোটন কান্তি নাথ, সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ, সুপ্রভাত বাংলাদেশ, একুশে পত্রিকার এম.জিয়াবুল হক, দৈনিক প্রথম আলোর এস এম হানিফ, প্রতিদিনের সংবাদের নাজমুল সাঈদ সোহেল, দৈনিক নয়া দিগন্ত-এর রফিক আহমদ, যায়যায়দিনের মোহাম্মদ মনজুর আলম, আমার দেশের একেএম ইকবাল ফারুক, আজকের পত্রিকার বাপ্পী শাহরিয়ার, দৈনিক বাংলার ইউছুপ বিন হোছাইন, দৈনিক মাতৃভূমির রায়হান চৌধুরী, দৈনিক দেশ রূপান্তর এর মোঃ কামাল উদ্দিন, খবরের কাগজের রাজু দাশ, দৈনিক জবাবদিহির আব্দুল করিম বিটু, আজকের বাংলার রিয়াদ উদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এম জাহেদ চৌধুরী বলেন, আগামী ১ থেকে ৭ মে পর্যন্ত সারাদেশে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন করা হবে এবং এ বছর দশমবারের মতো দিবসটি উদযাপন করছে বিএমএসএফ। তিনি বলেন, ‘জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি।’

তিনি বলেন, দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, স্থায়ী নিয়োগপত্র ও ন্যায্য বেতন-ভাতা নিশ্চিতকরণ, তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের দাবিদাওয়া উপস্থাপনের জন্য আলাদা ডেক্স চালু এবং তৃণমূলের অসহায় ও অসুস্থ সাংবাদিকদের জন্য সরকারি সহায়তা নিশ্চিতসহ ১৪ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

তিনি উল্লেখ করেন, সাংবাদিকদের ন্যূনতম জীবনমান নিশ্চিত করা গেলে তারা আরও নির্ভয়ে ও বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করতে পারবেন, যা দেশের উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0Shares