
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের ধারাবাহিক প্রচারণা স্থানীয় রাজনীতিতে নতুন গতি সৃষ্টি করেছে। প্রতিদিন নির্বাচনী এলাকায় পথসভা, গণসংযোগ এবং ধর্মীয় ও সামাজিক কর্মসূচিতে সক্রিয় উপস্থিতির মাধ্যমে তার প্রচার কার্যক্রম এখন আলোচনার কেন্দ্রে রয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এবং একই দিন বিকেলে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে বিপুলসংখ্যক নেতা–কর্মী অংশ নেন।
গণসংযোগকালে এমপি পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেন, “জামায়াতে ইসলামী আলেম–ওলামা, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধাসহ দেশপ্রেমিকদের একটি সম্মিলিত প্ল্যাটফর্ম। আমাদের পরিস্কার ঘোষণা, জনগণের সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হলে আমরা নিজেরা দুর্নীতি করবো না, অন্য কাউকেও দুর্নীতি করতেও দেবো না।
নির্বাচনী পথসভায় ও প্রচারণায় অংশ নেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, ছাত্রশিবিরের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আরিফুল ইসলাম, পেকুয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. নুরুল কবির, পেকুয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা নুরুজ্জামান মনজু, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান এবং হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ প্রমুখ।




