Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়া পেকুয়ায় অতীতে কাউকে রাজনৈতিক হয়রানি করিনি, জেলেও দেইনি: ফারুক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া পেকুয়া (কক্সবাজার-০১) আসনে জামায়াতে ইসলামী তথা ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক বলেছেন, চকরিয়া পেকুয়ার মাটিতে আমরা অতীতে কাউকে রাজনৈতিক হয়রানি করিনি, মামলা মোকদ্দমায় জড়িয়ে জেলেও দিইনি। ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে জনগণের ভোটে এমপি নির্বাচিত হলেও এই জনপদে কাউকে কোনধরনের রাজনৈতিক হয়রানি করবো না।

দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেন, বিগত সময়ে যারা রাজনৈতিক হয়রানির মাধ্যমে মামলা, হামলা ও নির্যাতন করেছে এবং প্রতিহিংসা চরিতার্থ করতে চকরিয়া–পেকুয়ার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের গণহারে ছাঁটাই করে জনগণকে কষ্ট দিয়েছে, এসব অপকর্মে জামায়াতে ইসলামীর কেউ জড়িত ছিল না। যারা এসব হয়রানি করেছিল, তারা এখন আবার তাদের পা ধরছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজের নির্বাচনী এলাকা পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে গণসংযোগকালে জনগণের সঙ্গে কুশল বিনিময়ের সময় এসব কথা বলেন আব্দুল্লাহ আল ফারুক।

গণসংযোগে এসময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আরিফুল ইসলাম, কক্সবাজার জেলা ছাত্রশিবির সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা, বারবাকিয়া  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি, ছাত্রশিবির পেকুয়া উপজেলা সভাপতি আব্দুর রশিদ এবং বারবাকিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মনজুর আলম। এ সময় সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

0Shares