Search
Close this search box.
Search
Close this search box.

আমার বর্ধিত হায়াত দেশের উন্নয়ন ও মানুষের সেবার জন্য উৎসর্গ করবো: সালাহউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-০১ (চকরিয়া পেকুয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তথা ধানের শীষ মার্কার সমর্থনে কক্সবাজারের চকরিয়া উপজেলা সদরে সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকালে শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

দুপুর গড়িয়ে বিকাল হতে হতে চকরিয়া পৌর বাসটার্মিনাল মাঠের ধানের শীষের জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়ে যায়। ততক্ষণে কানায় কানায় ভরে যায় জনসভার পুরো মাঠ।

সালাহউদ্দিন আহমদের শেষ জনসভায় চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকদের অংশগ্রহণে পরিপূর্ণ হয়ে ওঠে সভাস্থল, সংশ্লিষ্টদের ধারণা এতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে।

বিকাল সাড়ে চারটার দিকে বিশাল জনসমুদ্রে প্রধান অতিথি বক্তব্য দেন এমপি প্রার্থী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আমার বেঁচে থাকার কথা ছিল না, আমাকে গুম করা হয়েছিল হত্যার উদ্দেশে। প্রিয় চকরিয়া পেকুয়াবাসি আপনারা দোয়া করেছেন, রাব্বুল আলামিন আপনাদের মোনাজাত শুনেছেন এবং আমাকে মৃত্যুর উপত্যকা থেকে বাঁচিয়ে রেখে নতুন জীবন দিয়েছেন। আমি কথা দিচ্ছি, আমার এই নতুন জীবন, এই বর্ধিত হায়াত মানুষের সেবা করার জন্য। এ দেশের উন্নয়নের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য নিজেকে নিয়োজিত করবো।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই বিপ্লবে আমাদের সন্তানরা রক্ত দিয়ে শহীদ হয়েছেন একটি বৈষম্যমুক্ত রাষ্ট্রের জন্য, গণতান্ত্রিক সংস্কারের জন্য। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য আর কোনো মানুষকে জীবন দিতে হবে না।

ধানের শীষের জন্য ভোট চেয়ে তিনি বলেন, বিএনপির ইতিহাস এ দেশের অর্থনৈতিক উন্নয়নের ইতিহাস, বারেবারে গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস। আগামী ১২ তারিখ আপনারা সবাই নির্ভয়ে ধানের শীষে ভোট দেবেন, ফলাফল না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করবেন না। ইনশাআল্লাহ, জনগণের বিজয় হবে, কারণ বিএনপির সরকার জনগণের সরকার।

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিমের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য ও সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী হাসিনা আহমদ, তাদের পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আরা স্বপ্না, জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়াত আজিজ চৌধুরী রাজু, জেলা ওলামা দলের আহবায়ক আলী হাছান চৌধুরী, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল কবির চৌধুরী সহ বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

15Shares