
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজার-০১ (চকরিয়া পেকুয়া) সংসদীয় আসনের আওতাধীন চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্র ভিত্তিক সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করে পরীক্ষণপূর্বক ঝুঁকি নিরসনে মহড়া (মক টেস্ট) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে এ উপলক্ষে চকরিয়াস্থ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও শাহীন দেলোয়ার এর সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী ৩৯ বিএসটির মেজর মারুফুল ইসলাম, চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন, বিজিবি এবং আনসার বাহিনীর কন্ট্রোলিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে ভোটকেন্দ্র ভিত্তিক সম্ভাব্য ঝুঁকি নিরসনে যৌথভাবে এ মহড়া প্রত্যক্ষ করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ১৩০টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঝে বডিওর্ন ক্যামেরা যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে চকরিয়া উপজেলার সকল ভোট কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণের লক্ষ্যে সরেজমিনে বিভিন্ন কেন্দ্রে গিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে ভোটকেন্দ্র ভিত্তিক সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করে পরীক্ষণপূর্বক ঝুঁকি নিরসনে মহড়া (মক টেস্ট) দিয়েছে। যার মাধ্যমে ভোটকেন্দ্র এলাকায় যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সফল হবে।





