Search
Close this search box.
Search
Close this search box.

সেন্টমার্টিনে জেলের জালে ২০০ কেজি ওজনের মাছ

কক্সবাজারের ​টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের কাছে সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি বিরল প্রজাতির মাইট্যা’ মাছ। প্রায় ২০০ কেজি ওজনের এই মাছটি দেখতে স্থানীয় মৎস্য বন্দরে মানুষের ভিড় জমে যায়। পরে মাছটি চট্টগ্রামের বাজারে বিক্রির জন্য পাঠানো হয়।

​জানা যায়, ১৪ ফেব্রুয়ারি সকালে টেকনাফের শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা সব্বির আহম্মদের মালিকানাধীন একটি ট্রলার ১১ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে জাল ফেললে অন্য মাছের সাথে এই বিশাল আকারের পাখি মাইট্যা মাছটি ধরা পড়ে।

​ট্রলারের মালিক সব্বির আহম্মদ জানান, মাছটি তোলার পর ওজন করে দেখা যায় তা ২০০ কেজির কাছাকাছি। মাছটি স্থানীয় ব্যবসায়ী সৈয়দ আলমের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

​মাছ ব্যবসায়ী সৈয়দ আলম জানান, ‘আমরা মাছটি কিনে গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় টেকনাফ পৌরসভার কায়ুকখালী ফিশারিতে বরফ দিয়ে সংরক্ষণ করি। বড় আকারের মাছ হওয়ায় স্থানীয় বাজারে এর উপযুক্ত দাম পাওয়া কঠিন, তাই ভালো দামের আশায় বিশেষ ব্যবস্থাপনায় মাছটি চট্টগ্রামে পাঠানো হয়েছে।’

​মৎস্য বিশেষজ্ঞদের মতে, এই মাছটি মূলত সেইলফিশ (Sailfish) বা মার্লিন প্রজাতির। সমুদ্রের অন্যতম দ্রুতগামী এই মাছের পিঠের উপরের পাখনাটি দেখতে অনেকটা পাখির ডানার মতো প্রসারিত। একারণেই স্থানীয় জেলেরা একে ‘পাখি মাছ’ বা ‘পাখি মাইট্যা’ বলে ডাকে। গভীর সমুদ্রের মাছ হওয়ায় উপকূলে সাধারণত এমন বড় আকারের মাছ খুব একটা দেখা যায় না।

14Shares