
বৃহত্তর চট্টগ্রাম থেকে বিএনপির মন্ত্রিসভায় কে কে যাচ্ছেন তা নিয়ে তুমুল আলোচনা চলছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে মন্ত্রিপরিষদ গঠনের বিষয়ে নানা হিসাব-নিকাশ কষছেন।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকালে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিকালে মন্ত্রিপরিষদ সদস্যদের শপথের দিন ধার্য করা হয়েছে। হাতে সময় মাত্র একটি রাত।
বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রবিবারই মন্ত্রিপরিষদের ‘শর্ট লিস্ট’ প্রায়ই চূড়ান্ত হয়েছে। সেই লিস্টে শেষ পর্যন্ত চট্টগ্রামের নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের নাম রয়েছে। এর মধ্যে ৩ জন পূর্ণমন্ত্রী মন্ত্রী ও বাকি ৩ জন প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন।
জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, চট্টগ্রাম-১১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও দলের বর্ষীয়ান নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং স্থায়ী কামিটির আরেক সদস্য কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্ত্রী হবেন-এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
দলের নীতিনির্ধারণী পর্যায়ের এই দুই নেতাকে এবার মন্ত্রিপরিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
চেয়ারপার্সন কার্যালয়ের ঘনিষ্ঠ সূত্রের খবর, এবার পার্বত্য চট্টগ্রামবিষয়ক পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন বান্দরবান থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী। রাঙামাটি থেকে নির্বাচিত সংসদ সদস্য দীপেন দেওয়ানের নামও রয়েছে আলোচনায়।
প্রতিমন্ত্রীর তালিকায় রয়েছে তিনজনের নাম। তারা হলেন- দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর হেলাল, ‘লাকি আসন’ হিসেবে পরিচিত, চট্টগ্রাম-৯ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১০ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমান।
তবে শেষের দুইজনের মধ্য থেকে কেউ একজন শেষ পর্যন্ত বাদও পড়তে পারেন বলে সূত্রটি জানিয়েছে। সে রকম হলে সেখানে যুক্ত হতে পারেন চট্টগ্রাম-৭ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।





