
কক্সবাজারের চকরিয়া উপজেলা এডভোকেট এসোসিয়েশন ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে এবার বেশিরভাগ তরুন আইনজীবী নির্বাচিত হয়েছেন। তবে প্রবীণ আইনজীবী এডভোকেট হাবিব উদ্দিন মিন্টু ইমেজ অক্ষুণ্ণ রেখে টানা চারবার সভাপতি নির্বাচিত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারী) বিকাল দুইটা থেকে চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে এসোসিয়েশনের সদস্য ৭৩ জন আইনজীবী উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতস্থ এডভোকেট এসোসিয়েশনের কার্যালয়ে
২০২৬-২০২৭ (একবছর) মেয়াদে নতুন কমিটির নির্বাচনে সভাপতি পদে ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সিনিয়র আইনজীবী ও সাবেক সভাপতি এডভোকেট আলহাজ্ব হাবিব উদ্দিন মিন্টু। তাঁর নিকটতম হয়েছেন এডভোকেট মোঃ গোলাম ছরওয়ার। তিনি পেয়েছেন ২৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তরুণ আইনজীবী এডভোকেট জাহিদুল ইসলাম। তাঁর নিকটতম হয়েছেন এডভোকেট শাহরিয়ার ফয়সাল। তিনি পেয়েছেন ৩৪ ভোট।
৪৬ ভোট পেয়ে চকরিয়া এডভোকেট এসোসিয়েশনের প্রথম সহসভাপতি পদে জয়ী হয়েছেন এডভোকেট ওমর ফারুক, আর ৪৫ ভোট পেয়ে দ্বিতীয় সহসভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট সাইদুর রহমান জিকু। তাদের নিকটতম হয়েছেন এডভোকেট মোকাম্মেল হক। তিনি পেয়েছেন ৪০ ভোট।
জেলা প্রতিনিধি পদে ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এডভোকেট আশিকুল বছির নকিব। তাঁর নিকটতম হয়েছেন এডভোকেট মোঃ নুরুল আলম নিয়াজী। তিনি পেয়েছেন ২৯ ভোট। ৩৭ ভোট পেয়ে অ্যাপায়ন সম্পাদক পদে জয়ী হয়েছেন এডভোকেট ডলি সিদ্দিকী। তাঁর নিকটতম হয়েছেন এডভোকেট উন্মে কুলসুম। তিনি পেয়েছেন ৩৪ ভোট।
জুনিয়র সদস্য পদে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এডভোকেট সাকিব উল্লাহ। তাঁর নিকটতম হয়েছেন এডভোকেট মোঃ আবচার উদ্দিন। তিনি পেয়েছেন ১৯ ভোট।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ ইউছুপ, পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মোঃ আমিনুল এহেছান, সিনিয়র সদস্য দুটি পদে এডভোকেট মোহাম্মদ ইদ্রিছ আলম ও এডভোকেট ফয়জুল কবির বিনাপ্রতিদ্বিন্দ্বতায় নির্বাচিত হয়েছেন।
ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এডভোকেট মোঃ নুরুল হুদা, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট এসএম হেফাজ উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ রায়হান উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
প্রসঙ্গতঃ এডভোকেট হাবিব উদ্দিন মিন্টু ইতোপূর্বে তিনবার চকরিয়া এডভোকেট এসোসিয়েশনের সভাপতি ছিলেন। এবারসহ তিনি চারবার চকরিয়া এডভোকেট এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন।





