Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ার টৈটংয়ে ইউপি সদস্যের নেতৃত্বে মা-ছেলেকে কুপিয়ে জখম

জমির বিরোধ নিয়ে কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছড়াপাড়া এলাকায় স্থানীয় ইউপি সদস্য রুকন উদ্দিনের নেতৃত্বে মা-ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইতিমধ্যে পেকুয়া থানায় মামলা রুজু হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতেরা হলেন বারবাকিয়া ইউনিয়নের নয়াকাটা এলাকার রহমত উল্লাহর স্ত্রী জুনু আরা বেগম (৪৮) ও তাঁর ছেলে মোহাম্মদ জুনাইদ (২২)। আহতদের উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জুনাইদ চট্টগ্রামের কাজেম আলী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, টৈটং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুকন উদ্দিনের সঙ্গে ৫০ শতক ধানী জমি নিয়ে বারবাকিয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকার রহমত উল্লাহর বিরোধ চলছে। জমিটির অবস্থান রোকন উদ্দিন মেম্বারের বাড়ির কাছাকাছি হওয়ায় তাঁর লোলুপ দৃষ্টি পড়ে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই জমিতে কাজ করার সময় রহমত উল্লাহর ছেলে মো. জুনাইদ ও তাঁর মা জুনু আরা বেগমকে বাধা দেন রোকন মেম্বার। একপর্যায়ে কথা কাটাকাটি হলে রোকন মেম্বারের নেতৃত্বে আনছার, জামাল, আব্দুল্লাহ, জয়নাল, কায়েসসহ আরও ৪-৫জন এলোপাতাড়ি হামলা শুরু করে। এরমধ্যে জুনাইদ ও তাঁর মা জুনু আরার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।

আহত জুনু আরা বেগমের স্বামী রহমত উল্লাহ বলেন, রোকন মেম্বার সন্ত্রাসী প্রকৃতির লোক। দা ও কিরিচ দিয়ে আমার স্ত্রী ও ছেলের মাথায় কোপ দিয়ে জখম করে। আমি বাদি হয়ে ইতিমধ্যে পেকুয়া থানায় মামলা করেছি। আমার স্ত্রী-সন্তান চট্টগ্রামে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, রোকন উদ্দিন মেম্বারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এখন আসামিদের ধরতে চেষ্টা চলছে।

56Shares