
কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির একটি ডাম্পার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নুরুল হোসেন মনিক (৪৫) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোটর সাইকেলের পেছনে বসা তাঁর ছেলে মোহাম্মদ শামীম (১২) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারী) রাত সাড়ে আটটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার নলবিলা ফরেস্ট চেকপোস্ট এর দক্ষিণ পার্শে নাভানা সিএনজি পাম্প এর সামনে পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল হোসেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোজাহেরপাড়া মৃত গোলাম সোবহানের ছেলে। শুক্রবার রাতে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে নিহতের পরিচয় সনাক্ত করেছেন চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই রবিউল ইসলাম।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে চট্টগ্রামমুখী একটি নম্বর বিহীন ডাম্পার (ড্রাম) ট্রাক মহাসড়কের উল্লেখিত এলাকা অতিক্রম করছিলেন। ওইসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেল ঘটনাস্থলে পৌঁছলে মুহূর্তে বেপরোয়া গতির ডাম্পার ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে।
এ অবস্থায় আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে মোটর সাইকেল আরোহী দুইজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতাল ও জমজম হাসপাতালে নিয়ে যায়।
চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন বলেন, হাসপাতালে নেওয়ার পর মোটর সাইকেল আরোহী বাবা নুরুল হোসেনকে
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় গুরুতর আহত নিহতের ছেলে মোহাম্মদ শামীমকে চকরিয়ার জমজম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাঁকে চট্টগ্রামে নেওয়া হয়েছে।
ওসি আরিফুল আমিন বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক ডাম্পার চালক পালিয়ে গেছে। হাইওয়ে পুলিশ ডাম্পার ট্রাক ও মোটর সাইকেল হেফাজতে নিয়েছে। এবিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।





