
কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউনিয়নে ৯৩১ জন জেলে সদস্যের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ৭৫ কেজি করে চাল দেওয়া হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে মগনামা ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম শুরু হয়।
জানা গেছে, সামুদ্রিক মাছ আহরণে সরকারি নিষেধাজ্ঞার সময় জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ সহায়তা প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা বুলবুল আহমদ। এ সময় সভাপতিত্ব করেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী।
ইউনুস চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সাগরে মাছ ধরা বন্ধ থাকায় নিবন্ধিত জেলে পরিবারগুলো যাতে খাদ্য সংকটে না পড়ে, সেজন্য পর্যায়ক্রমে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। প্রতিটি পরিবারকে সরকার নির্ধারিত ৭৫ কেজি করে চাল দেওয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দু রাজ্জাক জানান, সুষ্ঠু ও স্বচ্ছভাবে তালিকাভুক্ত প্রকৃত জেলেদের মাঝে এ চাল বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান বদিউল আলম, ইউপি সদস্য আমির উদ্দিন, মোকতার আহমদ, কাসেম উদ্দিন, নজরুল ইসলাম, ছরওয়ার উদ্দিন, মহিউদ্দিন, মনোয়ারা বেগম, আঞ্জুমান আরা ও সুমি আক্তার।





