
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন বাংলাদেশে সকল ধর্ম বর্ণের মানুষ তার নাগরিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা নিরাপত্তা ও নাগরিক অধিকার সমানভাবে ভোগ করবে এটাই বিএনপির অঙ্গীকার।
বিএনপির ইস্তেহারে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সকল দাবি দাওয়া অন্তর্ভুক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সকল ধর্ম বর্ণের মানুষের কাছে আমরা আহবান জানিয়েছি আমরা সবাই বাংলাদেশী এটাই আমাদের পরিচয়। এই দেশে ধর্ম বর্ণ জাতের ভিত্তিতে কোন বিভাজন হবে না কিংবা বিভাজন করতে দেয়া হবে না। তাই বিএনপির শ্লোগান একটাই সবার আগে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের হিন্দু পাড়ায় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। তাঁর আগে সকালে তিনি উপজেলার উত্তর হারবাং বত্তাতলী স্টেশনে ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তব্য দেন।
সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা লক্ষ্য করেছি বিগত কয়েকদিনে বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারাদেশে উত্তেজনা সৃষ্টি করছে মিটিং মিছিল করছে, তাদের উদ্দেশ্য হচ্ছে তারা যেনো এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
তিনি বলেন, যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে সেটা সরকার দেখবে, নির্বাচন কমিশন দেখবে, স্বরাষ্ট্রমন্ত্রালয় দেখবে । প্রতিবাদ জানানোর ভাষা প্রতিবাদের মতো হতে হবে, কিন্ত এগুলো নিয়ে উশৃঙ্খলতা সৃষ্টি করা যাবেনা। কেউ যদি এগুলো ব্যবহার করে উশৃঙ্খলতা সৃষ্টি করতে চায় কিংবা রাজনৈতিকভাবে কেউ মাঠ উত্তপ্ত করতে চায় তাহলে আমরা হুশিয়ার করে দিচ্ছি গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াকে যারাই বাধাগ্রস্ত করবে জনগণ তাদের অবশ্যই প্রত্যাখ্যান করবে। কারণ বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে গণতন্ত্রের উত্তরণের জন্য অপেক্ষা করছে।
সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি যে সমস্ত পরিকল্পনার কথা বলছে কেউ কেউ বলে সেগুলো নাকি অবাস্তব? অথচ বিএনপির অনেকবার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। বিএনপি জানে কিভাবে জনগণের জন্য পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়। সে জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের পরিকল্পনা আছে সেই পরিকল্পনা নিয়ে আমরা এগুচ্ছি।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, দলের নামের শেষে ইসলাম থাকলে তো ইসলাম হয়ে যায়না। এইরকম হলেতো বাংলাদেশে যত নুরুল ইসলাম আছে সবাই ইসলাম হয়ে যেতো। অথচ ধর্মের দোহাই দিয়ে একটি দল তাদের মার্কায় ভোট দিলে জন্নাত পাবার যে মিথ্যাচার করছে তা রীতিমতো ধোঁকাবাজি। এই সমস্ত ধোকাবাজি করে জনগণকে বিভ্রান্ত করা যাবেনা।
তিনি আরো বলেন, জামায়াত যদি বলতো এইদেশের মানুষের জন্য তারা কি করবে? তারা যদি তাদের পরিকল্পনা কিংবা ইস্তেহার দিতো মানুষ পছন্দ করলে তাদেরকে ভোট দিতো। এটাই রাজনীতি ও এটাই গণতন্ত্রের চর্চা। অথচ তারা এগুলো না করে ধর্মের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।
একইদিন বিকালে চকরিয়া আইনজীবী সমিতির
মতবিনিময় সভায় বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। পরে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের মাছঘাট স্টেশন এবং রাতে লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপি আয়োজিত দুটি পথসভায় বক্তব্য দেন তিনি।
পথসভায় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বান্দরবান জেলা বিএনপি নেতা ও আজিজনগরের সাবেক চেয়ারম্যান নাজেমুল ইসলাম চৌধুরী, হারবাং, বরইতলী, চিরিঙ্গা এবং লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





