
কক্সবাজারের চকরিয়া উপজেলার একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জেন্ডার , গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সংবেদনশীলতা তৈরি বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকাল দশটার দিকে খান ফাউন্ডেশনের ভয়েসের ফর চেইঞ্জ প্রকল্পের আয়োজনে উপজেলার বিএমচর ইউনিয়নের ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
স্বেচ্ছাসেবী সংগঠন আবদুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশন (খান ফাউন্ডেশন) এবং পালস বাংলাদেশ বাস্তবায়নে, সুইস ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এর আর্থিক সহযোগিতা এবং নাগরিকতা-জিএফএ এর কারিগরি সহায়তায় বিদ্যালয় ভিত্তিক এই সচেতনতা কার্যক্রমটি পরিচালিত হয়েছে।
ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হুদার সভাপতিত্বে ও চকরিয়া উপজেলা যুব রেডক্রিসেন্ট টিমের ডেপুটি লিডার মোঃ ইশফাতুল হাসান ইশফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সভায় জেন্ডার, গণতন্ত্র, সুশাসন ও জলবায়ুর বিপর্যয়কর পরিবর্তন মোকাবেলার বিষয়ে অতিথিরা মতামতমুলক ইতিবাচক কর্মপন্থা তুলে ধরেন।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশ গ্রহনে জেন্ডার, গণতন্ত্র, সুশাসন ও জলবায়ুর বিরূপ প্রভাব কীভাবে তৈরি হয়, সেবিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে খান ফাউন্ডেশন এর ভয়েসের ফর চেইঞ্জ প্রকল্পের জেলা প্রকল্প কর্মকর্তা ও প্রকল্প কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





