
শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে এবং দায়ীদের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে প্রথম আলো বন্ধুসভা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে । আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে প্রথম আলো বন্ধুসভা, চকরিয়া সুর তরঙ্গ একাডেমিসহ বিভিন্ন সামাজিক সংগঠন অংশগ্রহণ করে।
চকরিয়া বন্ধুসভার সভাপতি আবু তৈয়বের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমান মুহাম্মদ রাফির সঞ্চালনায় কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর চকরিয়া প্রতিনিধি এস এম হানিফ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইন্দ্রজিৎ বড়ুয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া সুর তরঙ্গ একাডেমির পরিচালক অমল কান্তি সেন, ঘুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক তুর্ণা নিশিতা বড়ুয়া, চকরিয়া ওয়েস্টার্ন প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক, ব্যবসায়ী নেপাল দে প্রমুখ।
চকরিয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইন্দ্রজিৎ বড়ুয়া বলেন, আছিয়া থেকে রামিসা-আর কত শিশুর ওপর বিভৎসতা চললে দায়ীদের শাস্তি নিশ্চিত হবে। আমিও একজন মেয়ের বাবা। আমার মেয়ে নিয়ে আমি এখন শঙ্কিত। ঘরে-বাইরে কোথাও শিশু ও নারীরা নিরাপদবোধ করছে না। সারাদেশে প্রতিদিন ছোট ছোট শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। এটি মনকে বুঝাতে পারি না। রাতে ঘুমাতে পারছি না। রাষ্ট্রের কাছে আমাদের বাচ্চাদের নিরাপত্তা চাই।
চকরিয়া সুর তরঙ্গ একাডেমির পরিচালক অমল কান্তি সেন বলেন, আজকে এই মানববন্ধনে আমার মেয়েরা উপস্থিত হয়েছে। তারা ছোট্ট বয়সে প্রতিবাদ করতে নেমেছে ধর্ষণের। যারা জানেই না ধর্ষণ কী। অথচ তারা আজ রাজপথে।
ঘুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক তুর্ণা নিশিতা বড়ুয়া বলেন, আজ শিশুরা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বাড়িঘর পর্যন্ত কোথাও নিরাপদ নয়। ধর্ষকেরা কত বিকৃত মানসিকতার ধর্ষণের পর হত্যাও করে। সেটা ভাবলেই শিউরে উঠি। আমরা শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।





